দেশে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই এপ্রিলের পাশাপাশি আসন্ন মে মাসেও সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন মনির হোসেন চৌধুরী। বুধবার (১৫ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন।
ব্রিফিংয়ে তিনি জানান, গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে রয়েছে—
- ডিজেল: ৩ লাখ ৬৬ হাজার লিটার
- অকটেন: ৩৯ হাজার ৭৭৬ লিটার
- পেট্রোল: ৮৭ হাজার ৯৫৯ লিটার
- চট্টগ্রাম থেকে উদ্ধার ফার্নেস অয়েল: ৪৮ হাজার ৫০০ লিটার
সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে।
বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। এর মধ্যে ডিজেল ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং জেট ফুয়েল ৭৭ হাজার ৫৪৬ টন রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, “এই মজুত দিয়ে শুধু এপ্রিল নয়, মে মাসেও কোনো ধরনের সমস্যা হবে না। সরবরাহ কোনোভাবেই কমানো হচ্ছে না।”
এদিকে, জ্বালানির দাম প্রতি মাসেই সমন্বয় করা হয় জানিয়ে তিনি বলেন, এপ্রিল মাসে তা করা হয়েছে এবং আগামী মাসে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকার বাইরে পেট্রোল পাম্পগুলোতে অতিরিক্ত ভিড় নেই উল্লেখ করে তিনি বলেন, মূল সমস্যা ঢাকাকেন্দ্রিক। তবে প্যানিক বাইংয়ের কোনো প্রয়োজন নেই। গত বছরের মতোই এবারও একই পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
শিল্প খাত নিয়েও আশ্বস্ত করে তিনি বলেন, শিল্প–কারখানার জন্য ডিজেলে কোনো ঘাটতি নেই এবং চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি বেসরকারিভাবে ১৪ লাখ টন জ্বালানি আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, সরকারের দাবি জ্বালানি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
