ভারতের বিধানসভা নির্বাচনে এবার তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিনেমা, সংগীত ও টেলিভিশন জগতের বহু পরিচিত মুখ সরাসরি রাজনৈতিক ময়দানে নেমে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন। তবে সর্বশেষ ভোটগণনায় স্পষ্ট সব তারকার ভাগ্যে সমান সাফল্য আসেনি।
পশ্চিমবঙ্গে তারকা প্রার্থীদের জন্য ফলাফল মিশ্র। বরাহনগরে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন বিজেপির সজল ঘোষের কাছে। ব্যারাকপুরে পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তীও কঠিন চাপে পড়ে পিছিয়ে আছেন বিজেপির কৌস্তভ বাগচীর কাছে।
মানিকতলায় তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে পিছিয়ে রয়েছেন বিজেপির তাপস রায়ের কাছে। একই সময়ে রাজারহাট গোপালপুরে লোকসংগীতশিল্পী অদিতি মুন্সীও পিছিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বীর কাছে।
তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। করিমপুরে অভিনেতা সোহম চক্রবর্তী শক্ত অবস্থানে রয়েছেন, পঞ্চম রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি। অন্যদিকে শিবপুরে বিজেপির অভিনেতা রুদ্রনীল ঘোষ উল্লেখযোগ্য লিড নিয়ে চমক দেখাচ্ছেন।
শ্যামপুরে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এবং টালিগঞ্জে পাপিয়া অধিকারী দুজনেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পিছিয়ে রয়েছেন।
তামিলনাড়ুতে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় তার নতুন রাজনৈতিক দল নিয়ে বড় ধরনের চমক দেখাচ্ছেন। দুটি আসনেই তিনি এগিয়ে রয়েছেন এবং তার দলও শতাধিক আসনে লিড নিয়ে রাজ্যে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসার ইঙ্গিত দিচ্ছে।
আসামে আবার অভিনেতা পৃথ্বীরাজ রাভা তেজপুর আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন, যা তার জন্য ইতিবাচক অবস্থান তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারকা জনপ্রিয়তা ভোটের মাঠে সবসময় নির্ভরযোগ্য ফল দেয় না। কোথাও গ্ল্যামার ব্যর্থ হচ্ছে, কোথাও আবার সেটাই নতুন রাজনৈতিক শক্তি তৈরি করছে। চূড়ান্ত ফলাফলেই বোঝা যাবে তারকারা সত্যিই রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পেরেছেন।
#IndiaElection, #StarCandidates, #WestBengalElection, #TamilNaduPolitics, #MamataBanerjee, #ThalapathyVijay, #SohamChakraborty, #RudranilGhosh, #Election2026, #PoliticalDrama, #BreakingNews, #CelebrityPolitics
