ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো, যিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি চিরকুট নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা গেছে, মিমো রাজধানীর বাড্ডা এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে কিছু ব্যক্তির নাম উল্লেখ করে আর্থিক লেনদেনের ইঙ্গিত পাওয়া গেছে। এতে লেখা ছিল, নির্দিষ্ট একজন শিক্ষককে ৫০ হাজার টাকা দেওয়ার কথা এবং আরও কিছু ব্যক্তিগত বার্তা।
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ বিভাগের এক শিক্ষক ও শিক্ষার্থীর এক ঘনিষ্ঠ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্টতার প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানান, শিক্ষার্থীর মোবাইল ফোনের কিছু তথ্য বিশ্লেষণ করে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে, যার ভিত্তিতে পুলিশ পদক্ষেপ নিয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
#ঢাবি #ঢাকাবিশ্ববিদ্যালয় #BreakingNews #BangladeshNews #CampusNews #CrimeNews #Investigation #Dhaka #StudentDeath #Justice #NewsUpdate
