মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হঠাৎ করেই কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প । লেবাননে চলমান উত্তেজনা এবং ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতি চলাকালে আর কোনো হামলা নয়, একটিও বোমা নয়।
গত শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। সেখানে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তা অবশ্যই মেনে চলতে হবে। কোনো ধরনের লঙ্ঘন বরদাস্ত করা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্পের ভাষায়, এই যুদ্ধবিরতি কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই পরিচালিত হচ্ছে। অর্থাৎ পুরো প্রক্রিয়ায় ওয়াশিংটনই “চালকের আসনে” রয়েছে। বিশ্লেষকদের মতে, এতে স্পষ্ট হয় যে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে যুক্তরাষ্ট্র।
এদিকে কূটনৈতিক অঙ্গনেও নতুন সমীকরণের আভাস দিয়েছেন ট্রাম্প। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার কথাও উঠে এসেছে। প্রস্তাব অনুযায়ী, ইরান যদি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম হস্তান্তর করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের প্রায় ২০ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়টি বিবেচনা করতে পারে।
তবে এ বিষয়ে ট্রাম্প আবারও পরিষ্কার করে দিয়েছেন কোনো ধরনের সরাসরি অর্থ লেনদেন হবে না। অর্থাৎ আলোচনায় ছাড় দেওয়া হলেও তা নগদ অর্থে নয়, বরং শর্তসাপেক্ষ কূটনৈতিক সমঝোতার মাধ্যমেই হবে।
অন্যদিকে, তিনি আরও উল্লেখ করেছেন যে এই যুদ্ধবিরতি চুক্তি লেবাননের ওপর নির্ভরশীল নয়। বরং যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবানন এর সঙ্গে কাজ চালিয়ে যাবে।
সাম্প্রতিক এই বক্তব্য ও উদ্যোগে স্পষ্ট, মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে আবারও সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা নিতে চাইছেন ট্রাম্প। তবে এই কঠোর বার্তা বাস্তবে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।
#ডোনাল্ড_ট্রাম্প #ইসরায়েল #লেবানন #মধ্যপ্রাচ্য #যুদ্ধবিরতি #যুক্তরাষ্ট্র #কূটনীতি #ইরান #আন্তর্জাতিক_রাজনীতি #সামরিক_উত্তেজনা
