ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর পরিবর্তে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে চায় যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ৮ এপ্রিল স্বাক্ষরিত অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। এর বদলে একটি বড় ও কার্যকর সমঝোতা চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান করতে চায় ওয়াশিংটন।
একই অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার ভাষায়, শুধু সীমিত চুক্তি নয় ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক ভূমিকাসহ বিস্তৃত বিষয়গুলো নিয়েও সমাধান চায় যুক্তরাষ্ট্র।
তবে তিনি স্বীকার করেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই সমঝোতায় পৌঁছাতে সময় লাগতে পারে বলেও জানান তিনি। যদিও ইরানের পক্ষ থেকে আলোচনায় আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে।
এর আগে ১২ এপ্রিল পাকিস্তান-এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই যদি নতুন কোনো চুক্তি না হয়, তাহলে দুই দেশের মধ্যে আবারও সংঘাত বাড়ার আশঙ্কা রয়েছে।
