বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব যার হাসিতে একসময় কোটি দর্শক মুখে হাসি ফুটত আজ তিনি নিজেই লড়ছেন জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে। প্রায় ৯ কোটি টাকার ঋণের ভার আর পেশাগত আক্ষেপ মিলিয়ে তার দিন কাটছে এক গভীর সংকটের মধ্য দিয়ে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে তার ক্যারিয়ারের এক অজানা অধ্যায়, যেখানে জড়িয়ে আছে বলিউড সুপারস্টার শাহরুখ খান-এর নামও। রাজপালের দাবি, একটি ভুল বোঝাবুঝির কারণে তিনি হারিয়েছিলেন ওম শান্তি ওম ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ।
অভিনেতা জানান, তার এক ঘনিষ্ঠ সহকারীর ভুল বার্তার কারণেই শাহরুখের টিমের সঙ্গে বিভ্রান্তি তৈরি হয়। অথচ তিনি নিজে এ বিষয়ে কিছুই জানতেন না। এই একটি ঘটনার প্রভাব পড়ে তার পরবর্তী কাজেও। ‘ওম শান্তি ওম’-এর পর তার হাতছাড়া হয়ে যায় বিল্লু বারবার ছবির কাজও, যেখানে পরে অভিনয় করেন প্রয়াত কিংবদন্তি ইরফান খান।
রাজপাল আরও জানান, জুহি চাওলা-র ভাই তাকে শাহরুখের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলেন। কারণ, এর আগেই কাল হো না হো-তে একসঙ্গে কাজের সময় শাহরুখ নিজেই ভবিষ্যতে বড় প্রজেক্টে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
তবে সবকিছুর পরও ব্যক্তিগত সম্পর্কে কোনো তিক্ততা নেই বলে জানিয়েছেন রাজপাল। তার ভাষায়, “আমাদের বন্ধুত্ব আগের মতোই অটুট। যখনই দেখা হয়েছে, আমরা আগের মতোই গল্প করেছি।”
জীবনের এই কঠিন সময়ে দাঁড়িয়ে রাজপাল যাদব যেন এক বাস্তবতার প্রতীক যেখানে সাফল্যের আলো যত উজ্জ্বল, ব্যর্থতার ছায়াও ততটাই গভীর।
